দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উদ্বোধনী ম্যাচে ড্র করলেই শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে ব্রাজিলের জন্য—এমন অস্বস্তিকর পরিসংখ্যান ফের সামনে এসেছে। বিশ্বকাপের ইতিহাসে তিনবার উদ্বোধনী ম্যাচে ড্র করেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে এবারের বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেলো ব্রাজিল। গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এ নিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জয়বঞ্চিত হলো ব্রাজিল।
এবারের আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনবার ড্র করেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র, ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১–১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের সঙ্গে ১–১ গোলে সমতা। এই তিন আসরের একটিতেও শিরোপা ছুঁতে পারেনি তারা।
১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিল শেষ করেছিল চতুর্থ হয়ে। ১৯৭৮ সালে তৃতীয় স্থান পেলেও ট্রফির দেখা মেলেনি। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল নেইমারদের।
অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপজয়ী অভিযানের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২—প্রতিবারই প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সেলেসাওরা। পরে সেই আসরগুলোতেই শিরোপা জিতেছে তারা।
অবশ্য কাগজের পরিসংখ্যানে নয়, মাঠের পারফরম্যান্সেই ফলাফল নির্ধারিত হয়। এবারের আসরে কার্লো আনচেলত্তির শিষ্যরা কতদূর যেতে পারে এখন সেটাই দেখার বিষয়।
/অ